স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনবল দ্রুত নিয়োগের তাগিদ সংসদীয় স্থায়ী কমিটির
বিভিন্ন ধরনের টিকার বর্তমান মজুত পরিস্থিতি পর্যালোচনা, ডেঙ্গু প্রতিরোধ এবং চিকিৎসা ব্যবস্থার সার্বিক মান উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এছাড়া পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুল স্বাস্থ্য শিক্ষা এবং স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এস. এম. রফিকুল ইসলাম।
আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন। এরপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার জনবল, পরিচিতি, কার্যাবলি, মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে জানানো হয়, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি বৃদ্ধি এবং জেলা সদর হাসপাতালগুলোতে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টারসহ ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের কাজ অব্যাহত রয়েছে।
এ ছাড়া জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা, হাসপাতাল ও ঔষধালয়ের ব্যবস্থাপনা উন্নত করা এবং শিশুদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য ‘শিশু স্বর্গ’ নামক স্বাস্থ্যসেবা চালু রাখার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুতের ব্যবহার, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র আনসার মোতায়েন এবং রোগীদের হেলথ কার্ড প্রদানের কার্যক্রম চালু রয়েছে বলে কমিটিকে জানানো হয়।
বৈঠকে উপস্থিত সদস্যরা বিভিন্ন প্রকার টিকার স্টক, ডেঙ্গু পরিস্থিতি এবং গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে অধিক সচেতন থাকার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে হাসপাতালগুলোতে দুর্নীতিমুক্ত পরিবেশ বজায় রাখা, ফ্যাসিস্টদের কার্যক্রমের প্রতি সজাগ থাকা এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় জনবল নিয়োগের দ্রুত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
কমিটির সভাপতি ছাড়াও বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, মো. আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী টিপু, মো. আনোয়ারুল হক, শামীম আরা বেগম স্বপ্না, মো. আব্দুল বারী সরদার এবং মাহমুদা আলম মিতু। এছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।