এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে চলে গেলেন ভিক্টোরিয়া কলেজের নূর জাহান
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, নূর জাহান বাংলা বিভাগের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার গর্ভে থাকা অনাগত শিশুটিও মারা গেছে।
গত শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
বাংলা বিভাগের শিক্ষার্থী আফরিন সুলতানা বলেন, নূর জাহান আপুর অল্প বয়সে তার মৃত্যু খবর শুনে মর্মাহত হয়েছি। ডেঙ্গুতে ওনার মৃত্যু হয়। মানতে কষ্ট হচ্ছে। আল্লাহ তাকে মাফ করুন।
আরও পড়ুন: রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, আমার ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র মেয়ে ছিল। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সে অংশগ্রহণ করত। সে অনেক সৃজনশীল ছিল। তার মৃত্যু সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত।
নূর জাহানের পরিবারের বরাতে ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনসুর হেল্লাল জানান, নূর জাহানকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তখন তার প্লাটিলেট ছিল ৪৬ হাজার। সেদিন চিকিৎসক তার শারীরিক পরীক্ষা করে জানিয়েছিলেন গর্ভের সন্তানের স্পন্দন স্বাভাবিক, মুভমেন্ট ভালো।
তিনি আরও বলেন, পরে নূর জাহানকে ঢাকায় নেওয়া হয়। পরশু বাচ্চার মুভমেন্ট কম দেখায়। গতকাল চিকিৎসক পরীক্ষা করে জানান গর্ভের সন্তান মারা গেছে। আজ সকাল ৯টায় বাচ্চার ডেলিভারি নরমাল বা সিজার করার কথা ছিল। কিন্তু ভোর ৫টায় নূর জাহানের মৃত্যু হয়।