ক্যান্সার হাসপাতালে বাড়ল আরও ২০০ শয্যা
রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে (এনআইসিআরএইচ) ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ শয্যায় উন্নীত করেছে সরকার। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে হাসপাতাল পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া এক চিঠিতে এর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি এই বিশেষায়িত হাসপাতালে বর্ধিত শয্যার অবকাঠামো ও আনুষঙ্গিক সেবা চালুর নির্দেশও দেওয়া হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে দেওয়া চিঠিতে সই করেছেন উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ। চিঠির তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রতিষ্ঠানটির শয্যা বৃদ্ধিতে সম্মতি জ্ঞাপন করা হয়।
চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে, এ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে বর্ণিত ছকে প্রতিষ্ঠানটির শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হলো।