১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৮

পুতুলের হারানো পদে মালদ্বীপকে সমর্থন করবে বাংলাদেশ

সায়মা ওয়াজেদ পুতুল  © সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান হিসেবে মালদ্বীপের একজন প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই তথ্য জানিয়েছেন। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

এতদিন ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধান ছিলেন মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জালিয়াতির অভিযোগ ওঠার পর গত সপ্তাহে এই পদ থেকে পদত্যাগ করেন তিনি। আগামী জানুয়ারি মাসে এই পদে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগটি ত্রুটিপূর্ণ এবং ওই পদে নিয়োগের জন্য তার যথাযথ অভিজ্ঞতা ছিল না বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, তার অ্যাপয়েন্টমেন্টটাই ছিল দুঃখজনক এই ধরনের সংস্থাতে। তার কোন ক্রেডিবল কোয়ালিফিকেশন ছিল না। এই ধরনের কোন অভিজ্ঞতা ছিল না।

তিনি বলেন, তার ব্যাপারে এটা সারপ্রাইজিং না। এই অ্যাপয়েন্টমেন্টটাও ত্রুটিপূর্ণ ছিল। ওখানে গিয়ে চাপাবাজি করে ভোট দিয়ে কোনরকম হয়ে গেছে। এগুলা তো বের হয়ে আসবেই। শেখ মুজিব সাহেবের পরিবারের সবগুলো লোক কেমন, দুর্নীতির দুর্গন্ধে মানুষ এদেরকে প্রত্যেক জায়গায় আইডেন্টিফাই করতে পারছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো একটি আন্তর্জাতিক সংস্থাতে এ ধরনের নিয়োগ দেওয়া লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন, ইট ইজ অলসো এ শেইম ফর আ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। দে শুড নট অ্যাপয়েন্ট পিপল অন দ্য গ্রাউন্ড অব জাস্ট সিম্পলি বিং কানেক্টেড টু আ ফ্যামিলি রেজিম। আই থিঙ্ক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অলসো নিড টু টাইটেন দেয়ার প্রসেসেস।

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। গত বছরের শেষ দিকে তাকে বিনা বেতনে প্রশাসনিক ছুটিতে পাঠায় সংস্থাটি। এর আগে মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ দায়ের করে।

রয়টার্সের হাতে আসা ৩ জুলাই, ২০২৬ তারিখের একটি চিঠিতে দেখা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও পুতুলের বিরুদ্ধে চীন সফরে আর্থিক জালিয়াতি এবং নিজের শিক্ষাগত যোগ্যতার মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনেছে। তবে পুতুল এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আইনজীবীদের মাধ্যমে দেওয়া ওই চিঠিতে পুতুল দাবি করেন, নিয়মিত ভ্রমণ খরচ ফেরত পাওয়ার আবেদনপ্রক্রিয়ায় একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে বিষয়টি ঘটেছে। অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার।

এ ছাড়া নিজের যোগ্যতার বিষয়ে ওঠা অভিযোগের জবাবে তিনি জানান, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। বিষয়টি তিনি মহাপরিচালককে শুরু থেকেই পরিষ্কারভাবে জানিয়ে রেখেছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ডব্লিউএইচও আগামী ১২ অক্টোবর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধানের এই পদের জন্য মনোনয়ন আহ্বান করবে, ডিসেম্বরে আবেদনপত্র যাচাই-বাছাই করবে এবং ২৪ জানুয়ারি নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকরা বিশ্বজুড়ে স্বাস্থ্যনীতি নির্ধারণে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করেন। বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবিলা, জরুরি স্বাস্থ্য সংকট সামাল দেওয়া এবং স্থানীয় পরিস্থিতির সাথে মিলিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিগুলো কার্যকর করাই তাদের প্রধান কাজ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার সদস্য দেশগুলো (বাংলাদেশ ও ভারতসহ) প্রতি পাঁচ বছর অন্তর ভোট দিয়ে এই পরিচালক বেছে নেয়।