১১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৭

‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগদা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগদা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী  © সংগৃহীত

‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’—চিকিৎসাসেবায় গাফিলতি ও অনিয়মের বিরুদ্ধে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তাঁর নজরে বেশ কিছু অনিয়ম আসে। পরে হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন তিনি।

রোগী ও তাঁদের স্বজনরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, প্রয়োজনের সময় অনেক ক্ষেত্রে ডাক্তারদের ডেকে পাওয়া যায় না। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নার্সদের দায়িত্বে অবহেলা ও অসহযোগিতার অভিযোগও করেন তারা।

ভুক্তভোগীদের অভিযোগ শুনে দ্রুত প্রতিকারের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না।

তিনি আরও জানান, হাসপাতালের অনিয়ম ও চিকিৎসাসেবায় গাফিলতির অভিযোগগুলো যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে ব্যর্থতা প্রমাণিত হলে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে নিয়মিত নজরদারি জোরদার করা হবে।