৩১ আগস্ট ২০২৬, ১৭:৫৮

অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম কিনেই আওয়ামী সরকার কয়েক লক্ষ কোটি টাকা চুরি করেছে

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল  © সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম কিনে কয়েক লক্ষ কোটি টাকা চুরি করেছে। তিনি বলেছেন, জনবল নেই, টেকনিশিয়ান নেই, তারপরও কোটি কোটি টাকার যন্ত্রপাতি কিনে ফেলে রাখা হয়েছে। এখন এসব যন্ত্রপাতি ভাঙারির কাছে বিক্রি করা ছাড়া উপায় নেই।

আজ সোমবার (৩১ আগস্ট) মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

স্বাস্থ্যখাতে সর্বক্ষেত্রে নিশ্চিত সততা এবং জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে রোগীদের উন্নতমানের খাবার নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও নার্সদের রোগীদের সঙ্গে মানবিক, আন্তরিক ও সৌজন্যমূলক আচরণ করতে হবে। স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রে গুণগত মান আরও উন্নত করতে হবে। ঘুরেফিরে একটি বিষয়ই সামনে আসে—দুর্নীতির বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে।

মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা যাবে না উল্লেখ করে সাখাওয়াত হোসেন বকুল বলেন, যারা মাদকের সঙ্গে জড়িত এবং যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনতে হবে। কেউ জামিনে বের হয়ে আবার মাদক কর্মকাণ্ডে জড়ালে প্রয়োজন অনুযায়ী তাকে পুনরায় গ্রেপ্তার করতে হবে। যেকোনো মুল্যে মাদককে নির্মূল করতে হবে।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান।