রোগীদের অভিযোগ, তিন নার্সকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নানা অভিযোগ শুনে তিন নার্সকে বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে হাসপাতালের ওষুধের সংকট দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। রবিবার (৩০ আগস্ট) সকালে ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী এসব নির্দেশ দেন।
এদিন সকাল ১১টার দিকে সদরপুর হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী সরাসরি টিকিট কাউন্টারের লাইনে দাঁড়ানো সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, নার্সিং ডিউটি রুম, রান্নাঘর এবং ওষুধের স্টোররুমসহ সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের কাছে গিয়ে তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। মন্ত্রীকে কাছে পেয়ে রোগীরা চিকিৎসক ও জনবল সংকট, নোংরা পরিবেশসহ চিকিৎসা নিতে এসে নানা অনিয়ম ও দুরবস্থার কথা তুলে ধরেন।
ভুক্তভোগী রোগীদের এসব অভিযোগের ভিত্তিতে দায়িত্বে অবহেলার কারণে তিনজন সিনিয়র স্টাফ নার্স রিনা রানী বিশ্বাস, সুস্মিতা কীর্তনীয়া ও শামীমা আক্তারকে অন্যত্র বদলির নির্দেশ দেন মন্ত্রী।
এ ছাড়া হাসপাতালে ওষুধের সংকট নিরসনে তিনি সরাসরি ইডিসিএলের এমডিকে ফোন করে দ্রুত ওষুধের ঘাটতি মেটানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনাও দেন তিনি।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাট করেছে। ওই সময়ে স্বাস্থ্যসেবার মান তো বাড়েইনি, উল্টো অসহায়রা সেবা থেকে বঞ্চিত হয়েছে। তবে বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। দেশের স্বাস্থ্যসেবার প্রকৃত মান স্বচক্ষে দেখতেই তিনি সারা দেশের হাসপাতালগুলো পরিদর্শন করছেন।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের আগে মন্ত্রী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিনুর রহমান সরকার, ডা. হাফিজুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।