সকালের কোন ৫ ভুলে সুগার বেড়ে যায়?
সকালে ঘুম থেকে উঠেই এমন কী করছেন, যা অজান্তেই বাড়িয়ে দিচ্ছে রক্তে শর্করার মাত্রা? শুধু মিষ্টি, মিষ্টি জাতীয় খাবার বা বেশি চিনি খাওয়াকেই সুগার বাড়ার জন্য দায়ী করা হয়। কিন্তু বাস্তবে রোজকার কিছু অভ্যাসও এর পিছনে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সকালবেলার কয়েকটি সাধারণ ভুল নিয়মিত করলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে। মজার বিষয় হল, কমবেশি অনেকেই অজান্তে এই ভুলগুলি করে থাকেন। তাই দিনের শুরুতেই কোন ৫টি অভ্যাসে সাবধান হওয়া জরুরি, তা জেনে নিন।
খালি পেটে দুধ চা বা কফি
সকালে ঘুম থেকেই উঠেই চিনি দেওয়া কড়া চা বা কফিতে চুমুক দেওয়া বহু মানুষের প্রতিদিনের অভ্যাস। সঙ্গে দু’টি বিস্কুটও থাকে। রাতে দীর্ঘ উপবাসের পরে হঠাৎ করেই চিনি বা ক্যাফেইন পেটে গেলে তা খুব দ্রুত রক্তপ্রবাহে মিশে যায়। এতে রক্তে শর্করা আচমকা বেড়ে যেতে পারে। তাই দিনের শুরুটা প্রোটিন ও ফাইবার দিয়েই করতে হবে। কফি বা চা চিনি দিয়ে খেতে চাইলে, তার পরে খেতে হবে।
ঘুম ভেঙেই আলস্য
বিছানা থেকে উঠেই মোবাইল দেখা, একজায়গায় চুপ করে বসে থাকাও সুগার বেড়ে যাওয়ার আরও একটি কারণ। ঘুম থেকে ওঠার পরে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা খানিক বেশিই থাকে, যা রক্তে শর্করা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সকালে উঠে হালকা হাঁটাচলা না করলে পেশি সচল হয় না, ফলে রক্তে জমা হওয়া সেই অতিরিক্ত গ্লুকোজ় ব্যবহার না হয়ে রক্তেই রয়ে যায়।
সকাল সকাল ধূমপান
তামাকের নিকোটিন শরীরের ইনসুলিন হরমোন ব্যবহারের ক্ষমতা কমিয়ে দেয় এবং ইনসুলিন রেজ়িস্ট্যান্স তৈরি করে। খালি পেটে ধূমপান করলে শরীরে কর্টিসল হরমোনের ক্ষরণ বেড়ে যায় যা থেকে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
ঘুম থেকে উঠে জল না খাওয়া
রাতে দীর্ঘ ৬-৮ ঘণ্টা ঘুমের পর সকালে উঠে জল না খেয়ে চা বা কফি খাওয়া বা অন্য খাবার খাওয়ার অভ্যাসের কারণেও সুগার বাড়তে পারে। শরীরে জলশূন্যতার কারণে রক্তে শর্করা বা গ্লুকোজ়ের ঘনত্ব বেড়ে যায়, ফলে গ্লুকোমিটারে সুগারের মাত্রা বেশি দেখায়।
দেরিতে প্রাতরাশ
যিনি সকাল ৮টায় ঘুম থেকে উঠছেন, তিনি যদি বেলা ১২টায় জলখাবার খান, তা হলে সুগার বাড়বেই। রাতে দীর্ঘ সময়ে পেট ফাঁকা থাকার পরে সকালেও খেতে দেরি করলে, লিভার তার জমানো গ্লাইকোজ়েন ভেঙে গ্লুকোজ় তৈরি করে রক্তে পাঠাতে থাকবে। ফলে দীর্ঘ সময়ে না খেয়ে থাকলে রক্তের শর্করা খুব দ্রুত বাড়তে থাকবে।