সুস্থ-বার্ধক্যের-প্রস্তুতি-নিতে-হবে-এখন-থেকেই-বিএমইউতে-সেমিনারে বক্তারা
বার্ধক্যকে কোনো ভবিষ্যতের সমস্যা হিসেবে না দেখে দেশের বয়স্ক জনগোষ্ঠীর সুস্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে এখন থেকেই কার্যকর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ আয়োজিত ‘হেলদি এজিং ইন দ্য রিসেন্ট কনটেক্সট’ শীর্ষক সেমিনারে বক্তারা এই গুরুত্বারোপ করেন।
এমপিএইচ ব্যাচ ১৪ ও ১৫-এর শিক্ষার্থীদের মধ্যে বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও সামাজিক প্রয়োজনসহ সমসাময়িক জনস্বাস্থ্য চ্যালেঞ্জ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ও টিবি বিশেষজ্ঞ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হেলদি এজিং বিষয়ক রিজিওনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের সদস্য ডা. মো. খুরশিদ আলম হায়দার, পিএইচডি। তিনি বলেন, বার্ধক্যকে ভবিষ্যতের সমস্যা হিসেবে না দেখে এখন থেকেই এর জন্য প্রস্তুতি নিতে হবে।
তিনি বয়স্কদের সুস্থ ও সক্রিয় জীবন নিশ্চিত করতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বয়স্কবান্ধব স্বাস্থ্যব্যবস্থা, দীর্ঘমেয়াদি পরিচর্যা এবং প্রমাণভিত্তিক নীতি ও পরিকল্পনার ওপর জোর দেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের গবেষণা ও তথ্য তৈরির মাধ্যমে বয়স্কদের অসংক্রামক রোগ, মানসিক স্বাস্থ্য ও সামাজিক সহায়তা নিশ্চিতকরণে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক মো. শাহাদাত হোসেন দেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরেন।
ফ্যাকাল্টি অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের ডিন প্রফেসর ডা. মো. আতিকুল হক এবং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. ফারিহা হাসিন দ্রুত পরিবর্তনশীল জনমিতিক বাস্তবতায় সুস্থ বার্ধক্যের প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন এবং শিক্ষার্থীদের প্রমাণভিত্তিক জনস্বাস্থ্য উদ্যোগে যুক্ত হতে উৎসাহিত করেন।
এর আগে সেমিনারের শুরুতে বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মারুফ হক খান বিভাগের একাডেমিক কাঠামো ও কার্যক্রমের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। ডা. ফারজানা ইসলাম রুপার সঞ্চালনায় সেমিনারে বিভাগের ফ্যাকাল্টি সদস্য এবং এমপিএইচ ব্যাচ ১৪ ও ১৫-এর শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন।