বাদ পড়া শিশুদের নিয়ে হামের টিকাদান কর্মসূচি সেপ্টেম্বরে
গত মার্চ-এপ্রিলে বিশেষ টিকাদান কর্মসূচির পর বাদ পড়া শিশুদের জন্য আবারও টিকাদান কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সরকার। আগামী ২৮ সেপ্টেম্বর সারাদেশে একযোগে এ ক্যাম্পেইন শুরু করার পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ৩০ লাখ শিশুকে নতুন করে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভার্চুয়াল বৈঠক শেষে এমন সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী সম্প্রতি নতুন করে টিকাদানের ঘোষণা দিয়ে বলেন, কিছু এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু টিকা পায়নি। তাদের সবাইকে টিকার আওতায় আনা হবে। সরকারের কাছে এখনও ১৬ লাখ টিকা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল গণমাধ্যমকে জানান, হাম পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার আবারও বিশেষ টিকাদান ক্যাম্পেইনে যাচ্ছে। হামের প্রকোপ সারাদেশে চলমান থাকায় নতুন করে টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। এতে প্রায় ৩০ লাখ শিশুকে নতুন করে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।