২৪ আগস্ট ২০২৬, ০০:১৪

চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণের উদ্যোগ

চাঁদপুর জেনারেল হাসপাতাল  © সংগৃহীত

চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করতে হাসপাতাল সংলগ্ন সিভিল সার্জন কার্যালয়ের ভূমিতে নতুন ১৫ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য স্বাস্থ্য সেবা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি ১৭ আগস্ট স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সংসদীয় আসন-২৬২, চাঁদপুর-৩-এর সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ তাঁর নির্বাচনী এলাকার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুরকে ৫০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে হাসপাতাল সংলগ্ন সিভিল সার্জন কার্যালয়ের ভূমিতে নতুন ১৫ তলা ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও বলা হয়, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুরকে ৫০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ের ভূমিতে নতুন ১৫ তলা ভবন নির্মাণের জন্য বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।