‘একটি গোষ্ঠী সরকারকে বিপদে ফেলতে পরিকল্পিতভাবে চিকিৎসকদের ওপর হামলা করছে’
চিকিৎসকদের ওপর ক্রমাগত হামলা ও নিপীড়নের প্রতিবাদ জানিয়েছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতে তিন দফা দাবিও জানিয়েছে সংগঠনটি। আজ শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে চিকিৎসকদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো—চিকিৎসকদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনায় দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মকালীন নিরাপত্তায় একটি কার্যকর ‘জাতীয় নীতিমালা’ প্রণয়ন করতে হবে এবং দেশের সব হাসপাতালকে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলে পরিণত করতে হবে।
এ সময় ক্ষমতাসীন দল বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন দুর্যোগে এই ডাক্তাররাই জনগণের পাশে থেকে দুর্যোগ মোকাবিলা করেছে। বিনা কারণে, বিনা স্বার্থে তারা সেবা দিয়ে গেছে। কিন্তু সেই ডাক্তাররাই আবার জনগণের মুখোমুখি হচ্ছে বারবার।
তিনি বলেন, একটি গোষ্ঠী বা মহল ডাক্তারদের উপরে পরিকল্পনা করে হামলা চালাচ্ছে। বিগত সরকারের আমলে হাসপাতালগুলোতে হরিলুট চলেছে। এ কারণে হাসপাতালগুলোতে চিকিৎসার বিভিন্ন সামগ্রীর অনেক সংকট দেখা দিয়েছে। সেজন্য চিকিৎসা কার্যক্রম হয়ত অনেক ব্যাহত হয়েছে।
প্রতিবাদ কর্মসূচিতে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, আমাদের সরকার জনবান্ধব সরকার। এই সরকারকে বিপদে ফেলার জন্য একটি চক্র ইচ্ছাকৃতভাবে এমন অনাকাঙ্ক্ষিত কাজগুলো করছে। আমাদের স্বাস্থ্যব্যবস্থা যেন অন্য দেশের হাতে চলে যায় সেই চক্রান্তই চলছে। একজন চিকিৎসক কখনোই চায় না একজন রোগীর ক্ষতি হোক। একজন চিকিৎসক সবসময় সর্বোচ্চ চিকিৎসা দেওয়ারই চেষ্টা করে একজন রোগীকে।
তিনি আরও বলেন, দুঃখ লাগে যে এখনো আমাদেরকে রাস্তায় নামতে হয়। তবে এর পরে কোনো ডাক্তারের কিছু হলে আমরা আর বসে থাকব না। আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলতে চাই, আপনারা আমাদের অভিভাবক। আমাদের ওপরে যেন এ রকম জুলুম নির্যাতন আর না হয়, এ ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেন।