১৬ আগস্ট ২০২৬, ১৬:২১

স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল  © টিডিসি ছবি

বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের চিকিৎসাখাতে ব্যাপক লুটপাট ও অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ রবিবার (১৬ আগস্ট) সকালে ঝটিকা সফরে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অবহেলিত স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৯ তলা বিশিষ্ট আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এছাড়া তিন ধাপে দেশের সব ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে।

তিনি আরও বলেন, আগের সরকারের আমলে হাসপাতালের ওষুধ কেনাকাটাসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে। সরকারি বরাদ্দের ওষুধ, অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন, অ্যান্টিভেনম ও জরুরি ইনজেকশন হাসপাতালের বাইরে বিক্রির অভিযোগও পাওয়া গেছে। চিকিৎসক ও নার্সদের রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং চিকিৎসকদের নিয়মিত হাসপাতালে না আসার অভিযোগও রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু স্বাস্থ্যখাত নয়, পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। চিকিৎসক ও ওষুধের সংকট নিরসনের পাশাপাশি রোগীদের সেবা সহজ করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে পরিকল্পনা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে সকালে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা ও হাসপাতালের খাবারের মান সম্পর্কে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।