১৩ আগস্ট ২০২৬, ১৯:৩৬

বিএমইউতে লেজারস ইন ডেন্টিস্ট্রি শীর্ষক লেকচার ও লাইভ ডেমো অনুষ্ঠিত

বিএমইউতে লেজারস ইন ডেন্টিস্ট্রি শীর্ষক লেকচার ও লাইভ ডেমো অনুষ্ঠিত  © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘লেজারস ইন ডেন্টিস্ট্রি’ শীর্ষক লেকচার ও লাইভ ডেমো অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুমিতা হলে এই লেকচার ও লাইভ ডেমো অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, ডেন্টাল অনুষদের কোর্স ডিরেক্টর অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান, উপ-রেজিস্ট্রার (আইন) প্রস্থোডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্ট দন্তরোগ চিকিৎসা বিশেষজ্ঞ ডা. জেইসন জে. ভ্যালিয়াকুলাঙ্গারা।

অনুষ্ঠানে  কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খালেদা আক্তার, সহকারী অধ্যাপক ডা. মো. শাহিদুল হাসান (বাবুল), সহকারী অধ্যাপক ডা. হাসান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় লেজারস ইন ডেনটিস্ট্রি শীর্ষক লেকচার ও লাইভ ডেমোর প্রধান বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপনা করেন ডা. জেইসন। তিনি দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার, এর সম্ভাবনা ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে লেকচার প্রদান করেন এবং লাইভ ডেমোর মাধ্যমে সংশ্লিষ্ট প্রযুক্তির ব্যবহারিক দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, আধুনিক দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রোগ নির্ণয় ও চিকিৎসায় প্রযুক্তিনির্ভর ও আধুনিক পদ্ধতির ব্যবহার সম্পর্কে চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আয়োজনের মাধ্যমে দন্ত চিকিৎসায় আধুনিক লেজার প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের মধ্যে বাস্তবভিত্তিক ধারণা ও অভিজ্ঞতা অর্জনের বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে।