১২ আগস্ট ২০২৬, ১৭:২০

আগামী সপ্তাহ থেকে ঢাকা উত্তরে কলেরা টিকাদান শুরু: প্রশাসক

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন  © সংগৃহীত

আগামী সপ্তাহ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় কলেরা টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। আজ বুধবার (১২ আগস্ট) গুলশানে ডিএনসিসি নগর ভবন মিলনায়তনে ইউনিসেফের রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, হামের টিকাদান কর্মসূচিতে সারাদেশে প্রথমস্থান অর্জন করেছে ডিএনসিসি।

ডিএনসিসি প্রশাসক বলেন, হামের টিকাদান কর্মসূচিতে সাফল্য অর্জনের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু করা হবে। নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি সবসময় পাশে রয়েছে।

তিনি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি স্বাস্থ্য ও জনস্বাস্থ্য কার্যক্রম সফল করতে নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, শহরের কোথাও বর্জ্য জমে থাকলে নগরবাসীকে বিষয়টি ডিএনসিসিকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্য পাওয়ার পর কুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ব্যবস্থা করবে। নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে বিভিন্ন এলাকার বর্জ্য পরিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী এবং ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদ।