১২ আগস্ট ২০২৬, ১৬:০৯

আবেদন না করেও মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরখাস্ত

হালিমা খাতুন  © সংগৃহীত

মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করেও প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় নিয়োগ লাভের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) হালিমা খাতুনের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় মামলা দায়ের করে তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদন না করেও মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় ২৯তম বিসিএস-এ পরিবার পরিকল্পনা ক্যাডারে নিয়োগ লাভের অভিযোগে হালিমা খাতুনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় দুর্নীতি দমন কমিশনে মামলা রুজু করা হয়। এ সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে আরও বলা হয়, এ অবস্থায় প্রশাসনিক কারণে এবং দাপ্তরিক শৃঙ্খলার স্বার্থে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি-১২ মোতাবেক হালিমা খাতুনকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি প্রচলিত বিধি অনুযায়ী সাময়িক বরখাস্তকালীন নির্ধারিত হারে খোরাকী, বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা প্রাপ্য হবেন।