০৬ আগস্ট ২০২৬, ১৯:৩৩

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, হাসপাতালের নিরাপত্তা প্রধান বরখাস্ত

বরখাস্ত হওয়া সিকিউরিটি ইনচার্জ  © সংগৃহীত

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ আলতাব হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্তে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আলতাব হোসেন রংপুর জেলার বাসিন্দা। তিনি প্রায় আড়াই বছর আগে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ হিসেবে যোগ দেন।

এর আগে গত শনিবার (২ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মুশুরিয়াঘোনা এলাকায় এক নারীর সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও ওঠে। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিলে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগটি তদন্তের ঘোষণা দেয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নৈতিকতা ও সুনাম বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. অনিমেষ ভৌমিক বলেন, আলতাব হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত ও যাচাই-বাছাই শেষে প্রমাণিত হয়েছে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নৈতিকতা ও সুনাম রক্ষায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।