০৬ আগস্ট ২০২৬, ১৮:০৯

ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে

ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশা  © সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৫৯-এই অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৪০ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, বরিশালে ৫৩ জন, খুলনায় ৫০ জন, রাজশাহীতে ২৬ জন, ময়মনসিংহে ২৩ জন, রংপুরে ১২ জন এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) সর্বোচ্চ ২৬ জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ১২ জন, বরিশালে ৭ জন, ময়মনসিংহে ৬ জন, চট্টগ্রামে ৫ জন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন এবং জুনে ১৩ জন মারা যান। মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

তবে জুলাই মাসে পরিস্থিতির অবনতি ঘটে। মাত্র ৩১ দিনেই ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে, যা বছরের প্রথম ছয় মাসের মোট মৃত্যুর প্রায় দ্বিগুণ। জুলাইয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতার পর আগস্টেও রোগী বাড়তে থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।