০৬ আগস্ট ২০২৬, ১৭:৩৮

হামে আরও ৬ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণ গেল ৮৬০ জনের

হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭৬৪ জনের মৃত্যু হয়েছে  © টিডিসি সম্পাদিত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৩৩ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনে।

একই সময়ে পরীক্ষায় আরও ৮৫ জনের হাম নিশ্চিত হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৪০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।

মৃত্যুর তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৬৪ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে। উভয় মিলে মোট ৮৬০ জন মারা গেছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।