০৬ আগস্ট ২০২৬, ১৬:৪০

সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. এ আর খান আর নেই

ডা. এ আর খান  © সংগৃহীত

সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. এ আর খান আর নেই। বুধবার (৫ আগস্ট) রাতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর ৬ মাস।

পারিবারিক সূত্র জানায়, তার মায়ের সংরক্ষিত ডায়েরি অনুযায়ী ডা. এ আর খানের জন্ম বঙ্গাব্দ ১৩৩২ সালে। আজ বৃহস্পতিবার বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে ঢাকা জেলার দোহার উপজেলার খালপাড় খানবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দীর্ঘ কর্মজীবনে ডা. এ আর খান বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেনানিবাসে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পরও তিনি স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

নিজ জন্মস্থান দোহারে তিনি ফুলতলা বাজার এলাকায় পদ্মা কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া আব্দুর রাজ্জাক হাসপাতাল, একটি ফাউন্ডেশন এবং নার্সদের প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করেন। ওড়িয়ল বিল এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে মা ও শিশু ক্লিনিক গড়ে তোলেন। দরিদ্র মানুষের চিকিৎসাসেবা, দারিদ্র্য বিমোচন এবং শিশু-কিশোরদের মানসিক বিকাশে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে তিনি ‘দাদুস’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন এবং শিশুদের জন্য পার্ক ও খেলার মাঠ নির্মাণেও ভূমিকা রাখেন।

১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রীর মর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করেন। সমাজসেবা ও জনকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. এ আর খান মওলানা আকরাম খান স্বর্ণপদক, স্যার সলিমুল্লাহ স্বর্ণপদক এবং ইব্রাহিম মেমোরিয়াল স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।