০১ আগস্ট ২০২৬, ১৮:৪৩

এক দিনে হার্ট অ্যাটাকে না ফেরার দেশে ৩৩ বিসিএসের দুই স্বাস্থ্য ক্যাডার, মন্ত্রীর শোক

ডা. আবু ঈসা মো. আরফাত ইমাম ও ডা. মোমেনুল ইসলাম  © টিডিসি সম্পাদিত

মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের দুই কর্মকর্তা মারা গেছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ও শনিবার দুপুরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় শোক জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মৃতরা হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের কিউরেটর ডা. আবু ঈসা মো. আরাফাত ইমাম এবং নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম

জানা গেছে, ডা. আবু ঈসা মো. আরাফাত ইমাম শুক্রবার আনুমানিক রাত ২টায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৪২ বছর। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

অপরদিকে দুপুর ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইউএইচএফপিও ডা. মোমেনুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪৫ বছর। ডা. মোমেনুল ইসলাম ইসলাম রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

বিকেলে পাঠানো এক শোক বার্তায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উভয় চিকিৎসকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।