২৭ জুলাই ২০২৬, ০০:০১

মিটফোর্ড হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীতের প্রস্তাব মন্ত্রণালয়ে

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল  © টিডিসি সম্পাদিত

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালকে ৯০০ শয্যা থেকে ২ হাজার শয্যায় উন্নীত করার প্রস্তাব উঠেছে। হাসপাতাল থেকে এ সংক্রান্ত একটি চিঠি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে মন্ত্রণালয়।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটিএম রুস্তমকে এই চিঠি পাঠানো হয়েছে। এতে উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ সই করেছেন।

চিঠিতে বলা হয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালটি ৯০০ শয্যা থেকে ২ হাজার শয্যায় উন্নীতকরণের প্রস্তাবটি বিবেচনার জন্য নিম্নোক্ত তথ্যাদি পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

মন্ত্রণালয় যেসব তথ্য চেয়েছে তার মধ্যে রয়েছে- শয্যা বৃদ্ধির যৌক্তিকতা, ৯০০ শয্যা থেকে উন্নীতকরণের প্রমাণক, বর্ধিত শয্যায় উন্নীতকরণ হলে সম্ভাব্য আবর্তক ব্যয় এবং সম্ভাব্য অনাবর্তক ব্যয়ের হিসাব।

পুরান ঢাকা ও আশপাশের এলাকার বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার প্রধান ভরসা মিটফোর্ড হাসপাতাল। রোগীর চাপের কারণে বর্তমানে ৯০০ শয্যার এই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। হাসপাতালটি ২ হাজার শয্যায় উন্নীত হলে শুধু ঢাকার দক্ষিণাঞ্চলই নয়, আশপাশের কয়েকটি জেলার মানুষও উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত ১৪ জুন হাসপাতালের শয্যা বৃদ্ধির প্রস্তাব জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।