আড়াইশ থেকে ‘জরুরি ভিত্তিতে’ ৬০০ শয্যায় উন্নীত হলো ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল
জরুরি ভিত্তিতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা নির্দেশনার ভিত্তিতে ঠাকুরগাঁও-১ আসনের এই হাসপাতালটির বর্ধিত শয্যায় সেবা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন হাসপাতালটি আড়াইশ শয্যা নিয়ে কার্যক্রম পরিচালনা করছিল।
জানা গেছে, গত ১৯ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে (স্বাস্থ্য) পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। উপসচিব স্নেহাশীষ দাশ এতে সই করেছেন।
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে জরুরি ভিত্তিতে ৬০০ শয্যায় উন্নীত করার বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হাসপাতালটির শয্যাসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।