২২ জুলাই ২০২৬, ১৯:৪২

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক পদ হারালেন এএইচএম মঈনুল, দায়িত্বে নুরুল ইসলাম

স্বাস্থ্য অধিদপ্তর ও ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান  © টিডিসি সম্পাদিত

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) পদে রদবদল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বর্তমান পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে সরিয়ে এই পদে পদায়ন করা হয়েছে ওএসডি (উপপরিচালক) থাকা ডা. নুরুল ইসলামকে। আজ বুধবার (২২ জুলাই) মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মঈনুল আহসানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। উভয়কে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এএইচএম মঈনুল আহসান ২০২৩ সালের জানুয়ারিতে স্বাস্থ্য অধিদপ্তরে উপ-পরিচালক (হাসপাতাল) পদে নিয়োগ পান। পরে পরিচালক পদে পদায়ন হয় তার। তার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত বছর বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ডা. মঈনুল আহসানকে ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করে। ওই সময় তার অপসারণের দাবিও জানানো হয়।

অপরদিকে ডা. মো. নুরুল ইসলাম ওএসডি হওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ কন্ট্রোলের প্রোগ্রাম ম্যানেজার ছিলেন।