১৮ জুলাই ২০২৬, ১৯:২১

ফিলিপাইন যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী-নার্সিং ডিজি-প্রতিমন্ত্রীর এপিএসসহ ৬ জন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার, নার্সিং অধিদপ্তরের ডিজি দিল আফরোজা, ড. সৈয়দা সালমা বেগম (উপরে বাঁ থেকে), নাহিদা পারভীন, মো. জাকির হোসেন ও প্রতিমন্ত্রীর এপিএস মো. আল মামুন (নিচে বাঁ থেকে)  © টিডিসি সম্পাদিত

‘নার্সিং ও স্বাস্থ্য জনবল উন্নয়ন’ শিখতে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) ডা. এসএম জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ফিলিপাইন সফরে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি দল। দলে থাকছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজাও। আগামীকাল ১৯ জুলাই (রবিবার) থেকে ২৫ জুলাই পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এক আদেশ এ তথ্য জানানো হয়েছে। উপসচিব মো. জাকির হোসেন এতে সই করেছেন।

শিক্ষা সফর দলে খোদ উপসচিব মো. জাকির হোসেনও রয়েছেন। দলের অপর ৩ সদস্য হলেন— স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব ড. সৈয়দা সালমা বেগম, উপসচিব নাহিদা পারভীন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের একান্ত সহকারী (এপিএস) মো. আল মামুন।

অফিস আদেশে বলা হয়েছে, এসব কর্মকর্তাকে আগামী ১৯ থেকে ২৫ জুলাই অথবা তার নিকটবর্তী কোনো সম্ভাব্য তারিখে (ভ্রমণ ও ট্রানজিট সময় ব্যতিরেকে) অনুষ্ঠিতব্য ‘নার্সিং অ্যান্ড হেলথ ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট’ বা নার্সিং ও স্বাস্থ্য জনবল উন্নয়ন বিষয়ক শিক্ষা সফরে অংশগ্রহণের জন্য সরকারের অনুমোদন প্রদান করা হলো।

সফরের শর্ত হিসেবে অফিস আদেশে বলা হয়েছে, সফরের সময়কাল এবং ভ্রমণ ও ট্রানজিটে ব্যয় হওয়া সময় অন ডিউটি হিসেবে গণ্য করা হবে, সফরের সমস্ত প্রাসঙ্গিক খরচ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বহন করবে এবং এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।