১৩ জুলাই ২০২৬, ১৭:৫৮

কমিউনিটি ক্লিনিকে ৫৪০ পদ শূন্য, সরঞ্জাম দেবে জাইকা: স্বাস্থ্যমন্ত্রী

কমিউনিটি ক্লিনিক  © টিডিসি সম্পাদিত

সারাদেশে চালু থাকা ১৪ হাজার ৪৬০টি কমিউনিটি ক্লিনিকে বর্তমানে ৫৪০টি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) পদ শূন্য রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব শূন্য পদে জনবল নিয়োগের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

আজ সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে মোট ১৪ হাজার ৪৬০টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এসব ক্লিনিকে ১৩ হাজার ৯২০ জন সিএইচসিপি কর্মরত আছেন এবং ৫৪০টি পদ শূন্য রয়েছে। এই শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের পরিকল্পনা সরকারের রয়েছে।

ক্লিনিকগুলোর চিকিৎসা সরঞ্জাম সম্পর্কে মন্ত্রী বলেন, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে মোট ২০ প্রকার চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়। তবে স্ট্রিপসহ গ্লুকোমিটার, বিপি মেশিন, ওজন ও উচ্চতা মাপার যন্ত্র, নেবুলাইজার, পালস অক্সিমিটার, ইউরোস্টিকস ও স্যানিটেশন সামগ্রী সরবরাহে কিছুটা অপ্রতুলতা রয়েছে।

এই সমস্যা সমাধানে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় সারাদেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহের পরিকল্পনা আছে। এছাড়া প্রতিটি ক্লিনিকে ইন্টারনেট সংযোগসহ ল্যাপটপও সরবরাহ করা হবে।