হামে আরও দুজনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৩১
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ৭৩২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। আজ শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৩১ জনে।
প্রতিবেদন অনুযাযী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার একই সময় পর্যন্ত ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১০১ জনের। এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত কোনো হাম রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত ১৫ মার্চ সারাদেশে ব্যাপক আকারে হামের প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত মোট এক লক্ষ ৪ হাজার ৬৯৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। আর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৮৭ হাজার ৯৬৬ জন। এর মধ্যে ৮৪ হাজার ২১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর শরীরে হামের উপসর্গ দেখা যাওয়া রোগীদের মধ্যে ল্যাব পরীক্ষায় মোট ১২ হাজার ৫২৬ জনের হাম নিশ্চিত হয়।
এ ছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩৮ জনের মৃত্যু হয়েছে। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী মারা গেছে ৯৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭৩১ জনের।