আদ্-দ্বীন হাসপাতালের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত সুবিবেচনাপ্রসূত নয়: গণস্বাস্থ্য কেন্দ্র
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ হওয়ায় সাশ্রয়ী মূল্যে স্বল্প আয়ের মানুষেরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ঘটনায় হাসপাতালটির প্রতি সংহতি প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্র। রোগীবান্ধব হিসেবে আদ্-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম অতিদ্রুত শুরু করার আহবান জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, হাসপাতালটি বন্ধের সিদ্ধান্ত দুঃখজনক এবং সুবিবেচনাপ্রসূত নয় ।
গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপার্সন শিরীন পারভিন হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আদ্-দ্বীন হাসপাতাল সীমিত ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং এ হাসপাতালের মাধ্যমে লক্ষ লক্ষ দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ দীর্ঘদিন যাবত স্বল্পমূল্যে সুচিকিৎসা পেয়ে আসছে।
সম্প্রতি হাসপাতালে ঘটে যাওয়া একটি দূর্ঘটনাকে কেন্দ্র করে সরকার মগবাজারস্থ আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক এবং সুবিবেচনাপ্রসূত নয় বলেই মনে করে গণস্বাস্থ্য কেন্দ্র। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান আদ্-দ্বীন হাসপাতাল এর কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি।’
আরও পড়ুন: শিক্ষকদের বদলি: প্রতিষ্ঠানপ্রধানদের তথ্য এন্ট্রির সময় বাড়িয়ে মাউশির বিজ্ঞপ্তি
চিঠিতে শিরীন পারভিন হক বলেন, ‘আমরা আশা করি, সংশ্লিষ্ট সব মহল তাদের প্রজ্ঞা, সহনশীলতা ও দূরদর্শিতা দিয়ে এই অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবেন।’
তিনি বলেন, ‘সীমিত আয়ের মানুষের জন্য একটি রোগীবান্ধব হাসপাতাল হিসেবে আদ্-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম আইনসিদ্ধভাবে অতিদ্রুত শুরু হোক এবং গরীব মানুষের চিকিৎসা সেবার ধারাবাহিকতা রক্ষা হোক, এ কামনা করছি। মানবসেবায় আপনাদের অঙ্গীকার অটুট থাকুক।’