২০ জুন ২০২৬, ১৯:১২

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার সালাম, অ্যাডহক ম্যানেজিং বোর্ডে জায়গা পেলেন যারা

চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ডা. মো. রফিকুল কবির লাবু এবং ট্রেজারার ডা. মোফাখখারুল ইসলাম রানা (বাঁ থেকে)  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন অ্যাডহক ম্যানেজিং বোর্ড গঠন করেছে সরকার। এতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুস সালামকে। ম্যানেজিং বোর্ডে ভাইস চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ডা. মো. রফিকুল কবির লাবু। এতে ট্রেজারার হয়েছেন ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম রানা।

আজ শনিবার (২০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন দুটিতে জানানো হয়, ‘দ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩’ (প্রেসিডেন্টস অর্ডার নং ২৯, ১৯৭৩)-এর ধারা ১০(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই বোর্ড গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে আগামী ৩ মাসের জন্য এই অ্যাডহক ম্যানেজিং বোর্ড কার্যকর থাকবে। তবে চেয়ারম্যানের মেয়াদ থাকবে ৩ বছর।

জানা গেছে, নতুন চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আর ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির লাবু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পরিবার কল্যাণ বিষয়ক সহ- সম্পাদক। এ ছাড়া তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্য। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত বছরের ২৯ জুলাই এক আদেশে তাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

অন্যদিকে ডা. মোফাখখারুল ইসলাম রানা ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক। তিনি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গফরগাঁও থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

অ্যাডহক ম্যানেজিং বোর্ডের অন্য সদস্যরা হলেন— অধ্যাপক ডা. সৈয়দ মঈনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার (রফিক সিকদার), ডা. কবিরুজ্জামান, এবিএম জাকারিয়া, ডা. শাহ মোহাম্মদ সারোয়ার আলম, ড. জামিল আহমেদ, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, রেজাউর রহমান চৌধুরী, অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম ও এস এম মাহিদুল ইসলাম সজীব।