১৯ জুন ২০২৬, ১৭:২৬

হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের ওপর

এ নিয়ে গত ৯৬ দিনে ৬৭০ জনের মৃত্যু হয়েছে  © টিডিসি সম্পাদিত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গে দেখা গেছে আরও ১ হাজার ৭৮ জনের শরীরে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭০ জনে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৭৭ শিশু ও নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে চার শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে দুটি শিশু মারা গেছে সিলেট বিভাগে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একটি করে শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯৬ দিনে হামের উপসর্গ দেখা গেছে ৯০ হাজার ৯৮২ জনের মধ্যে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ১০ হাজার ৮৬৯ জনের হাম নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৭৫ হাজার ১৫৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে ৭১ হাজার ৩৯৬ জন।