হামে আরও ৫ শিশুর মৃত্যু, তিন মাসে ৬৬৬ জনের প্রাণহানি
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৯ জনের শরীরে হামের সংক্রমণ দেখা গেছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। একই সময়ে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ১৩৯ জনের।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৯ জন। এছাড়া ল্যাব টেস্টে ১৩৯ জনের শরীরে নিশ্চিতভাবে হামের ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে মোট ৮৯ হাজার ৯০৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময় ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ১০ হাজার ৭৭৩ জনের।
একই সময়ে মোট ৭৪ হাজার ১৮৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৫০৩ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৭৩ জনের। আর ল্যাব টেস্টের মাধ্যমে শতভাগ নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে।