হাম পরিস্থিতি: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের আদেশ প্রত্যাহার
শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব তুলনামূলক কমে আসায় সর্বস্তরের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। নিয়ম অনুযায়ী পুনরায় অর্জিত ও নৈমিত্তিক ছুটি উপভোগ করতে পারবেন তারা।
গতকাল রবিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী এই আদেশে সই করেছেন।
অফিস আদেশে বলা হয়, শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা ও হামের ভ্যাকসিন প্রদানের সুবিধার্থে স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ও নৈমিত্তিক ছুটি) স্থগিত বা বাতিল করা হয়েছিল। গত ২ এপ্রিলের সেই অফিস আদেশটি এতদ্বারা প্রত্যাহার করা হলো।