ডেঙ্গু পরিস্থিতি ‘অবনতির শঙ্কা’, ফ্রি পরীক্ষার মেয়াদ বাড়ানোর আবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ের
সরকারি হাসপাতালে ফ্রি ডেঙ্গু পরীক্ষার মেয়াদ বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দেশজুড়ে এডিস মশার উচ্চ ঘনত্বের কারণে এ বছর পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে জানিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্রি পরীক্ষার মেয়াদ বাড়ানোর সম্মতি চাওয়া হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে অর্থসচিবকে দেওয়া এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়। মন্ত্রণালয়ের উপসিচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ এতে সই করেছেন।
জানা গেছে, ২০২৫ সালের ১৫ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগের এক আদেশে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগীদের এনএস-ওয়ান পরীক্ষা ফ্রি করা হয়েছিল।
এ প্রসঙ্গ উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে গত বছরের ১৫ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগ হতে সরকারি হাসপাতালে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত ডেঙ্গু রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী NS1 পরীক্ষা ফ্রি করার জন্য আদেশ জারি করা হয়। বিগত বছরগুলোতে বাংলাদেশে ডেঙ্গু রোগে অনেক রোগী মৃত্যুবরণ করেছে এবং দেশজুড়ে এডিস মশার উচ্চ ঘনত্বের কারণে পরিস্থিতি এ বছরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে জনস্বার্থে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গুর NS1 পরীক্ষা ফ্রি করা প্রয়োজন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সরকারি হাসপাতালে রেজিস্ট্রেশনকৃত রোগীদের ডেঙ্গুর NS1 পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যাকরণে সম্মতি জ্ঞাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।