১২ জুন ২০২৬, ১৬:৪১

স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ: ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানাল ড্যাব

ড্যাবের লোগো  © সম্পাদিত

জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দের পরিমাণ প্রায় দ্বিগুণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বৃহস্পতিবার (১১ জুন) এক যৌথ বিবৃতিতে ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল সরকারের এই সিদ্ধান্তকে দেশের স্বাস্থ্য খাতের জন্য একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।

ড্যাব নেতৃদ্বয় উল্লেখ করেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে, যা জিডিপির ১ দশমিক ০১ শতাংশ। এর আগের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা (জিডিপির ০ দশমিক ৫৮ শতাংশ)। পূর্ববর্তী বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দেওয়ায় ড্যাব মনে করে, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবাকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে স্থান দিয়েছে। এই উদ্যোগকে পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছেন তারা।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, রাষ্ট্র সংস্কার, মানবসম্পদ উন্নয়ন এবং কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থার যে অঙ্গীকার বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের সামনে তুলে ধরেছিল, স্বাস্থ্যখাতে এই অভূতপূর্ব বিনিয়োগ সেই জনকল্যাণমুখী রাজনৈতিক দর্শনেরই বাস্তব প্রতিফলন। একটি মানবিক ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে স্বাস্থ্যসেবা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার যে দৃষ্টান্ত বর্তমান সরকার প্রদর্শন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

ড্যাব নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, স্বাস্থ্যখাতের এই বর্ধিত বরাদ্দ ইউনিভার্সাল হেলথ কাভারেজকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে সরকারি হাসপাতালসমূহের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণ, জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।