১১ জুন ২০২৬, ১৮:২৭

কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে শুল্ককর অব্যাহতির প্রস্তাব

প্রতি ডায়ালাইসিসে ৮০০ টাকা কমবে  © টিডিসি সম্পাদিত

কিডনি রোগীদের ব্যবহার্য ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে শুল্ককর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। আজ বৃহস্পতিবার (১১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বিপুল সংখ্যক কিডনি রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে এবং ডায়ালাইসিস প্রক্রিয়া সচল রাখতে ডায়ালাইসিস ফিল্টার একটি সংবেদনশীল ও অপরিহার্য চিকিৎসাসামগ্রী। বর্তমানে এই চিকিৎসা উপকরণটি আমদানির ক্ষেত্রে উচ্চ করভার থাকায় গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসাক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে আরোপিত বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছি। এর ফলে আয়কর, ভ্যাট ও শুল্ক সুবিধার কারণে কিডনি রোগীর প্রতিটি ডায়ালাইসিস বাবদ ব্যয় প্রায় ৮০০ টাকা পর্যন্ত হ্রাস পাবে।