১১ জুন ২০২৬, ১৬:২৯

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল  © সংগৃহীত

তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ ঘোষণা দেন। স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

ঈদের আগের দিন সকালে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছটফট করতে করতে একে একে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা বলেছে।

কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা, বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াই শিশুগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ।

গত ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেন। এর পরই ওই হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার এই নোটিশের জবাব দেয় আদ্-দ্বীন কর্তৃপক্ষ। পরদিন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশের যে জবাব দিয়েছে তা ‘সন্তোষজনক নয়’।