১০ জুন ২০২৬, ১৮:৫৩

ইউনিসেফের মাধ্যমে ৪১২ কোটি টাকার টিকা কিনছে সরকার

ভ্যাক্সিন  © সংগৃহীত

জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) জন্য জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মাধ্যমে ৪১২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা সংগ্রহের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শিশুদের সংক্রামক ব্যাধি ও প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার (১০ জুন) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশজুড়ে ইপিআই কর্মসূচির আওতায় প্রয়োজনীয় টিকার চাহিদা মেটাতে স্বাস্থ্য সেবা বিভাগ এই প্রস্তাবটি কমিটির সামনে উত্থাপন করে। জরুরি ও সময়মতো টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে এবং দেশজুড়ে চলমান টিকাদান সেবা নিরবচ্ছিন্ন রাখতে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) অধীনে এই টিকা সংগ্রহ করা হবে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বৈশ্বিক সংস্থা জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এখানে একই সাথে ক্রয়কারী প্রতিষ্ঠান এবং সরবরাহকারী (সাপ্লায়ার) হিসেবে কাজ করবে।

কর্মকর্তারা আরো বলেন, দেশের সফল টিকাদানের হার বজায় রাখতে এবং ইপিআই-এর আওতায় টিকার নিরাপত্তা নিশ্চিত করতে এই অর্থায়ন ও ক্রয় প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং জীবনঘাতী রোগ প্রতিরোধে ইপিআই দীর্ঘ দিন ধরে দেশের প্রধান জাতীয় কর্মসূচি হিসেবে অবদান রাখছে।