১০ জুন ২০২৬, ১৮:৩৫

এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসে  © সংগৃহীত

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে এবং অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য হলো সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্য সেবা প্রদান করা। সেই আলোকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এখানে উল্লেখ করতে চাই স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে গ্রামের হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করার লক্ষ্যে সর্বপ্রথম বাংলাদেশের সকল থানা সদরে (বর্তমান উপজেলা) ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং জনস্বাস্থ্যসেবার দ্বার উন্মোচন করেন। 

তিনি বলেন, পরবর্তীতে তারই উত্তরসূরী আপোষহীন নেত্রী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সকল উপজেলা হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেন এবং স্বাস্থ্যসেবার দ্বার আরও প্রসারিত করেন।
আলহামদুলিল্লাহ, একই পরিবারের গর্বিত সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী উপজেলা পর্যায়ের সকল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এরই মধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শূন্য পদে জনবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া, যার অংশ হিসাবে ৪৫তম বিসিএস-এ ৪৫০ জন, ৪৬তম বিসিএস-এ ১,৬৮২ জন, ৪৭তম বিসিএস-এ ১,৩৩১ জন এবং ৫০তম বিসিএস-এ ৬৫০ 'জন সহকারী সার্জন নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। সিনিয়র স্টাফ নার্স এর শূন্য পদ পূরণের লক্ষ্যে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। মিডওয়াইফ পদ পূরণের লক্ষ্যে ১৯ এপ্রিল বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ে ‘মিডওয়াইফ’ (১০ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। 

তিনি আরও বলেন, এছাড়া বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ প্রদান করা হবে। অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কয়রা এবং পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শূন্য পদে পদায়ন করা হবে।