০৮ জুন ২০২৬, ১৫:৪৩

সরকারকে ১ লাখ ডেঙ্গুর আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প মালিক সমিতি

সরকারের কাছে স্যালাইন হস্তান্তর   © সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহায়তায় ১ লাখ আইভি স্যালাইন উপহার দিয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতি (বাপি)। আজ সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের হাতে এসব স্যালাইন তুলে দেন বাপির নেতারা।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কয়েক দিন আগে বাপির নেতারা ডেঙ্গু মোকাবিলায় ১ লাখ আইভি স্যালাইন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।’

তিনি বলেন, ‘এসব স্যালাইন ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কাজে আসবে। সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতার জন্য বেসরকারি খাতের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।’

মন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে কেন্দ্রীয়ভাবে ১ লাখ স্যালাইন মজুত রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে ২০ থেকে ২৫ হাজার স্যালাইন সংরক্ষিত আছে। তবে পরিস্থিতির অবনতি হলে অতিরিক্ত স্যালাইনের প্রয়োজন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।’

সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘অতীতে স্বাস্থ্য খাতে নানা সীমাবদ্ধতা ছিল। সেই পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি খাতের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে দেশের স্বার্থে কাজ করতে চায় সরকার। ভবিষ্যতেও সবার সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।’

দেশের ওষুধ শিল্পের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন,‘ বাংলাদেশের ওষুধ শিল্প দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। এ খাতকে আরও বিকশিত করতে নীতিগত সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে স্বল্পমূল্যে কিংবা বিনামূল্যে ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যেও সরকার কাজ করছে।’

অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাপির সভাপতি আব্দুল মোকতাদিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’