দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্নদের কর্মবিরতি, মাঠে ট্রেইনি চিকিৎসকরাও
ছয় দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার মাঠে নেমেছেন ট্রেইনি চিকৎসকরাও। রবিবার (৭ জুন) রাতে বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেইনি চিকিৎসকরা পৃথক বিবৃতিতে এসব ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতির তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে রবিবার সকালে কর্মবিরতি শুরু করেন সারাদেশের ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্নদের পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জনও চলছে। এ নিয়ে সোমবার (৮ জুন) ইন্টার্ন চিকিৎসকদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এরই মধ্যে কর্মবিরতির ঘোষণা দিলেন ট্রেইনি চিকিৎসকরা।
পোস্টগ্রাজুয়েট ট্রেইনি, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো— এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের ৯ম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো তৈরি করা।
জানা গেছে, আজ সোমবার (৮ জুন) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।দেশের ৩৪টি সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে একযোগে এই অনুষ্ঠান শুরু হবে।
গত বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বর্তমানে দেশে একটি সরকারি ও ১২টি বেসরকারি ডেন্টাল কলেজ রয়েছে। এ ছাড়া সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট রয়েছে মোট ২৪টি। এই ৩৪টি প্রতিষ্ঠানে বিডিএস কোর্সে আসন রয়েছে মোট ২ হাজার ১৪৫টি। অবশ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, শতভাগ আসনে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত হয়নি।
অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।