০৬ জুন ২০২৬, ২৩:৫৫

সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি   © টিডিসি ফটো

সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ শনিবার (৬ জুন) বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশের প্রেক্ষিতে এবং চিকিৎসকদের প্রতি সংঘটিত বিভিন্ন অন্যায় ও বৈষম্যের প্রতিবাদে আজ সারাদেশের সকল ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ পালন করেছেন। সমাবেশগুলোতে আমাদের ৬ দফা দাবি তুলে ধরা হয়েছে।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে বিসিপিএস কর্তৃক প্রকাশিত একটি নোটিশের মাধ্যমে আমাদের ৬টি দাবির মধ্যে প্রথম দাবির বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করা হলেও বাকি দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট মহল থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। ফলে আমরা হতাশ হয়েছি। এমতাবস্থায়, আমরা পরবর্তী কর্মসূচি ঘোষনা করছি।

পরবর্তী কর্মসূচি ঘোষণা করে পরিষদ জানায়, দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নদের পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হলো এবং দেশের সকল মেডিকেল কলেজের প্রথম থেকে ৫ম বর্ষের শিক্ষার্থীদের প্রতিদিন সকাল ১১টার পর থেকে ক্লাস বর্জন ঘোষিত হলো। একইসঙ্গে সকল মিডলেভেল চিকিৎসককে আন্দোলনে শামিল হওয়ার অনুরোধ করা জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে দেশের সকল ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি সফল করার আহ্বানও জানানো হয়।

ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবি হলো— এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের ৯ম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো।