০৬ জুন ২০২৬, ১৮:১২

রবিবারের মধ্যে শোকজের জবাব না দিলে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল  © সংগৃহীত

আগামীকাল রবিবার (৭ জুন) বিকেলের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব না পেলে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ শনিবার (৬ জুন) দুপুরে মিন্টো রোডের নিজ বাসভবনে স্বাস্থ্যখাতের অগ্রগতি বিষয়ে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জনস্বার্থে এবং মানুষের জীবনের স্বার্থে আইনানুযায়ী শাস্তির বিধান নিশ্চিত করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে রবিবার বিকেলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে, সেই জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়েছে। ভুক্তভোগীদের দাবি যাই হোক না কেন, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকাল ১০টা পর্যন্ত দেশব্যাপী সচেতনতামূলক র‌্যালি করা হয়েছে। রবীন্দ্র সরণী থেকে শুরু করে ঢাকা শহরসহ সারাদেশের জেলা শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি পালন করা হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধও প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্যালাইন আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ে আরও এক লাখ স্যালাইন পাওয়া যাবে। এর আগে, এক লাখ স্যালাইন বিদেশ থেকে বিনামূল্যে এসেছে, ফলে মোট মজুদ দাঁড়াবে দুই লাখে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় এই স্যালাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে আরও স্যালাইন সংগ্রহের চেষ্টা চলছে।