হামে প্রাণহানি ৬০০ ছাড়াল, উপসর্গ দেখা যাওয়া প্রতি ১২৪ শিশুর একজনের মৃত্যু
উচ্চ সংক্রামক ব্যাধি হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় এ রোগের উপসর্গ দেখা গেছে আরও এক হাজার ২১০ জনের শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ বুধবার (৩ জুন) পর্যন্ত মোট ৬০১ জন শিশুর মৃত্যু হলো, যা মোট আক্রান্তের প্রায় ১ শতাংশ।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ একই সময় পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭ জন শিশুর মৃত্যু হয়। তবে ল্যাব পরীক্ষায় নিশ্চিত কোনো হাম রোগীর মৃত্যু হয়নি। মৃতদের ৪ জনই ঢাকা জেলার বাসিন্দা। অপর তিনজনের দুজনও এই বিভাগের। একই সময়ে ১২১০ নতুন উপসর্গ দেখা যাওয়ার পাশাপাশি ল্যাব পরীক্ষায় ৫৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
প্রতিবেদন বলছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮১ দিনে মোট ৬০১ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ দেখা গেছে মোট ৭৪ হাজার ৫৭২ জনের শরীরে। মোট আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ০.৯৮ শতাংশ। এ ছাড়া গড়ে প্রতিদিন সাত জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১১ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। আর বাকি ৯০ জনের ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছিল।
এ ছাড়া এ সময়ে আক্রান্তদের মধ্যে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৯ হাজার ১৯১ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। এর মধ্যে ৫৫ হাজার ৯৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।