হামের হানা: ২৪ ঘণ্টায় ঝরল ১৭ শিশুর প্রাণ, মোট মৃত্যু ৫৪৫
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ হাম আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ১২৭ জনের শরীরে। আর ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৯৭ জনের। আজ সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল রবিবার সকাল ৮টা থেকে সোমবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৬ ও ল্যাব পরীক্ষায় নিশ্চিত এক শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের, যার ৫ জনই ঢাকা জেলার বাসিন্দা।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে। এর মধ্যে ৪৫৮ জন উপসর্গ নিয়ে মারা গেছে। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত রোগী মারা গেছে ৮৭ জন।
একই সময়ে মোট ৬৪ হাজার ৯৪০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৮ হাজার ৭১৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৫১ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৭ হাজার ৬১৯ জন।