২৪ মে ২০২৬, ১৮:২৬

হাম পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির চিকিৎসা সামগ্রী অনুদান

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির চিকিৎসা সামগ্রী অনুদান অনুষ্ঠান  © সংগৃহীত

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশে চলমান হামের পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রতিক্রিয়া কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান প্রদান করেছে। আজ রবিবার (২৪ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের হাতে এসব সামগ্রী তুলে দেয় প্রতিষ্ঠানটি।

এই অনুদানের আওতায় ১৪টি অক্সিজেন কনসেনট্রেটর, ৫৭০টি এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিভাইস, ১২টি ব্যাগ-ভালভ-মাস্ক রিসাসিটেটর এবং ম্যানুয়াল সাকশন ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে, যা জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া সক্ষমতা জোরদার করার পাশাপাশি শ্বাসকষ্টজনিত জটিলতা ও অন্যান্য জরুরি রোগী ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে।

আইসিআরসি ঢাকা ডেলিগেশনের পক্ষ থেকে হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জলিসা খানম আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বাংলাদেশে জরুরি প্রস্তুতি ও স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে মানবিক সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।