২৪ মে ২০২৬, ১৬:৪৬

মৃত্যুর মিছিল থামছেই না, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল ১৬ শিশুর

গড়ে প্রতিদিন সাড়ে ৭ জনের বেশি শিশুর মৃত্যু হচ্ছে  © টিডিসি সম্পাদিত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ৩০৬ শিশুর শরীরে। একই সাথে ল্যাব পরীক্ষায় ১২৮ জনের হাম শনাক্ত হয়েছে।

আজ রবিবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার একই সময় পর্যন্ত মৃতদের মধ্যে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হওয়া কেউ নেই। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ৪৪২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেল। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী মারা গেছে ৮৬ জন। সব মিলিয়ে ৭০ দিনে মারা গেছে ৫২৮ জন শিশু। গড়ে মারা যাওয়া শিশুর সংখ্যা দিনে সাড়ে ৭ জনেরও বেশি।

পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৬৩ হাজার ৮১৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৮ হাজার ৬২২ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে ৫০ হাজার ৫৫৮ জন। এর মধ্যে ৪৬ হাজার ২১৪ জনই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।