হামের টিকা সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী হামের প্রাদুর্ভাব মোকাবিলায় শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে টিকাদান সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মীর আসন্ন ঈদের ছুটি বাতিল করা হয়েছে। টিকার বাইরে থাকা প্রতিটি শিশুকে খুঁজে খুঁজে বের করে এই সেবা নিশ্চিত করা হবে।
আজ বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘দেশব্যাপী হামের প্রাদুর্ভাব: চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের করণীয় এবং জনসচেতনতা’ শীর্ষক এক সেমিনারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এই ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে বর্তমান সরকার অগ্রাধিকারের ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইনে ইতিমধ্যেই লক্ষ্যমাত্রার চেয়ে ৪ শতাংশ বেশি কভারেজ সম্পন্ন হয়েছে। তবে এখনও যারা টিকার বাইরে রয়েছে, তাদেরকে প্রতিটি এলাকায় খুঁজে বের করে টিকা দেওয়া হবে। আর এই লক্ষ্য শতভাগ পূরণ করতেই সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি এলাকায় সিভিল সার্জনদের মাধ্যমে মাইকিং করে টিকার বাইরে থাকা শিশুদের তালিকা প্রস্তুত ও টিকাদান নিশ্চিত করার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই জরুরি পদক্ষেপ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।