থেরাপিস্ট-পুষ্টিবিদ-সাইকোলজিস্ট নিয়োগের যোগ্যতায় পরিবর্তন, যুক্ত হলেন অপ্টোমেট্রিস্ট-অডিওলজিস্টও
থেরাপিস্ট, সাইকোলজিস্ট ও পুষ্টিবিদসহ রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনারদের নিয়োগের যোগ্যতা এবং স্বীকৃত ডিগ্রিতে পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ১৩ মে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ৪ ক্যাটাগরির ১২ পদে নিয়োগে যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮-এর ধারা ৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই আইনের প্রথম তপশিলে সংশোধন করল। আইনের প্রথম তপশিলের পরিবর্তে এই তপশিল প্রতিস্থাপিত হবে।
এই প্রজ্ঞাপনের মাধ্যমে চাকরিতে যোগদানের ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাচিস্ট বা স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট, সাইকোলজিস্ট, পুষ্টিবিদ বা নিউট্রিশনিস্ট, স্পেশাল এডুকেটর, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার, প্রস্থেটিস্ট ও অর্থোটিস্ট, অপ্টোমিস্ট এবং অডিওলজিস্টদের শিক্ষাগত যোগ্যতা পুনর্নিধারাণ করা হয়েছে। এসব পেশাজীবীরা সংশ্লিষ্ট ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রি নিয়ে প্র্যাকটিস করার সুযোগ পান।
এতদিন ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট এবং স্পিচ থেরাপিস্ট বা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা ব্যাচেলর ইন সায়েন্স (ফিজিওথেরাপি/অকুপেশনাল থেরাপি/অকুপেশনাল থেরাপি ও ল্যাঙ্গুয়েজ থেরাপি) ডিগ্রি দিয়ে চাকরিতে প্রবেশ করতে পারতেন। তবে সংশোধনের পর ফিজিওথেরাপিস্টদের ব্যাচেলর অব ফিজিওথেরাপি অথবা ব্যাচেলর অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন অথবা ব্যাচেলর অব সায়েন্স (সম্মান) ইন ফিজিওথেরাপি অথবা ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিওথেরাপি ডিগ্রি থাকতে হবে। একই সাথে তাদের আগের মতোই এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে।
একইভাবে অকুপেশনাল থেরাপিস্টদের ক্ষেত্রে ব্যাচেলর অব সায়েন্স (সম্মান) ইন অকুপেশনাল থেরাপি অথবা ব্যাচেলর অব সায়েন্স ইন অকুপেশনাল থেরাপি ডিগ্রি থাকতে হবে। আর স্পিচ থেরাপিস্ট অথবা স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টদের জন্য লাগবে ব্যাচেলর অব সায়েন্স ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি অথবা ব্যাচেলর অব সায়েন্স ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজি। তাদের ক্ষেত্রেও এক বছরের ইন্টার্নশিপের বাধ্যবাধকতা বহাল রাখা হয়েছে।
এতদিন অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট এবং সাইকোলজিস্ট (ক্লিনিক্যাল/কাউন্সেলিং/এডুকেশনাল/ডেভেলপমেন্টাল/স্কুল) পদে নিয়োগে মাস্টার অব সায়েন্স অথবা মাস্টার ইন (ক্লিনিক্যাল/কাউন্সেলিং/এডুকেশনাল/ডেভেলপমেন্টাল/স্কুল) সাইকোলজি বিষয়ে পড়াশোনা থাকত হত। এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্টদের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই হত। আর সাইকোলজিস্টদের জন্য স্নাতকোত্তরসহ এমফিল অথবা সমমানের উচ্চতর ডিগ্রি প্রযোজ্য হত।
সংশোধনের পর অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট পদের জন্য মাস্টার অব সায়েন্স ইন সাইকোলজিতে স্নাতকসহ স্নাতকোত্তর এবং সাইকোলজিস্ট পদের জন্য মাস্টার অব সায়েন্স ইন সাইকোলজি অ্যান্ড মাস্টার অব ফিলোসফি (এমফিল) ইন সাইকোলজিতে স্নাতকসহ স্নাতকোত্তর এবং এমফিল অথবা সমমানের ডিগ্রি নির্ধারণ করা হয়েছে। একই সাথে অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্টদের জন্য ৩ মাসের ইন্টার্নশিপের মেয়াদ বাড়িয়ে ৬ মাস নির্ধারণ করা হয়েছে। আবার সাইকোলজিস্টদের ইন্টার্নশিপের মেয়াদ কমানো হয়েছে। এক বছর থেকে তাদের মেয়াদ কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬ মাস। তবে উভয়ের ক্ষেত্রেই যথাক্রম ২০০ ঘণ্টা এবং ৫০০ ঘণ্টার সুপারভাইজড প্রশিক্ষণ বাধ্যতামূলক রয়েছে।
পুষ্টিবিদ বা নিউট্রিশনিস্ট, স্পেশাল এডুকেটর এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারের স্বীকৃত ডিগ্রিতে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে এই তিন পদের নিয়োগের যোগ্যতা হিসেবে ইন্টার্নশিপের মেয়াদ ৩ মাস থেকে বাড়িয়ে ন্যূনতম ৬ মাস নির্ধারণ করা হয়েছে। আগে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই এসব পেশায় প্রবেশ করা যেত। তবে সংশোধনের পর স্নাতকও বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপনে প্রস্থেটিস্টে ও অর্থোটিস্ট, অপ্টোমেট্রিস্ট এবং অডিওলজিস্টদেরও রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্থেটিস্ট ও অর্থোটিস্টদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ব্যাচেলর অব সায়েন্স ইন প্রস্থেটিক্স ও অর্থোটিক্স, অপ্টোমেট্রিস্টদের ব্যাচেলর অব সায়েন্স ইন অপ্টোমেট্রি, অডিওলজিস্টদের ব্যাচেলর অব সায়েন্স ইন অডিওলজি এবং সকলের ক্ষেত্রে স্নাতক ডিগ্রিসহ এক বছরের ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হয়েছে। আগে প্রস্থেটিক্স ও অর্থোটিক্সে ডিগ্রি নিয়ে শুধু টেকনোলজিস্ট পদে নিয়োগ পাওয়া যেত।
প্রজ্ঞাপন দেখুন