স্কয়ার হাসপাতালে চিকিৎসক লাঞ্ছিত, ড্যাবের প্রতিবাদ
রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. রায়হান রাব্বানীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ড্যাব এর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এই দাবি জানান।
যৌথ বিবৃতিতে তারা বলেন, গত ১৮ মে সংঘটিত এই ন্যাক্কারজনক ঘটনা চিকিৎসক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। চিকিৎসকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত নিরলসভাবে রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। সেই চিকিৎসকদের ওপর হামলা ও শারীরিক লাঞ্ছিত করা একটি অত্যন্ত নিন্দনীয় অপরাধ।
চিকিৎসক নেতৃবৃন্দ বলেন, রোগীর মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক, তবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নিয়ে চিকিৎসকের ওপর হামলা চালানো, কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা দেওয়ায় বাধাগ্রস্ত হবে। তাই স্বাস্থ্যসেবা ব্যবস্থার স্বার্থে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
একই সঙ্গে দেশের সকল হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি তারা উদাত্ত আহ্বান জানান ড্যাব নেতারা।