স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের সংবাদটি সঠিক নয়
পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিলের সংবাদটি সঠিক নয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমী দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসনের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে সব ধরনের ছুটি বাতিলের প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: ঈদের ছুটিতে হাসপাতালের জরুরি সেবা সার্বক্ষণিক চালুর নির্দেশ
তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এমনকি পরিচালক প্রশাসন আজ মঙ্গলবার কোনো নোটিশই দেননি। অধিদপ্তরের আরেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেখানে ছুটি বাতিলের কোনো তথ্য নেই।
এ বিষয়ে জানতে চাইলে পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সাধারণত অন্য কর্মকর্তা-কর্মচারীদের মতো ছুটি পান না। তবে সব ধরনের ছুটি বাতিল নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, সব ধরনের ছুটি বাতিলের নোটিশটি গত ঈদ-উল ফিতরের।